বাড়িতেই তৈরি করুন মজাদার গরুর নেহারি

বাড়িতেই তৈরি  মজাদার গরুর নেহারি

সাধারণত নাস্তায় বাইরে থেকে নেহারি কিনে খাওয়া হয়। নেহারি খুব মজাদার একটি ডিশ। চালের রুটি কিংবা নানরুটির সাথে খেতে খুবই অসাধারন। কিন্তু চাইলে এই ঈদের আপনি বাড়িতেই তৈরি করতে পারেন দারুণ এই রেসিপিটি । এতে করে ঘ্রাণ, স্বাদ আর পরিমাণটাও হবে বাইরের খাবারের চেয়ে অনেক বেশি। যারা একটু সময় নিয়ে পরিবারের জন্য স্পেশাল কিছু করতে চান তাদের জন্য আজকের এই আয়োজন।
গরুর নেহারি, ছবিঃ সংগৃহীত
গরুর নেহারি। ছবিঃ সংগৃহীত  
নেহারির জন্য যা যা লাগবেঃ
১। গরুর পায়া ১ কেজি
২। হাড়সহ মাংস ১/২ কেজি
৩। পেয়াজ বাটা ২ টেবিল চামচ
৪। পেয়াজ কুচি দেড় কাপ
৫। রসুনবাটা ২ টেবিল চামচ
৬। আদা মোটা কুচি ১ চামচ
৭। আদা বাটা ১চামচ
৮। জিরা গুঁড়া ২ চা চামচ
৯। হলুদ গুড়া সামান্য
১০। কাঁচামরিচ ৭/৮টি
১১। মরিচ গুড়া সামান্য
১২। ধনেপাতা কুচি ২ টেবিল চামচ
১৩। গরম মশলা গুঁড়া ২ চা চামচ
১৪। তেজপাতা ৩/৪ টা
১৫। বড় এলাচ গুঁড়া ২টি
১৬। ছোট এলাচ গুঁড়া ৪টি
১৭। শাহী জিরা ২ চা চামচ
১৮। গোল মরিচ গুঁড়া ২ চা চামচ
১৯। লবঙ্গ ৩টি
২০। দারুচিনি ৩ টুকরা
২১। তেল পরিমানমতো
২২। লবণ স্বাদমতো।

পরিবেশনের জন্য লাগবেঃ

১। কাঁচামরিচ কুচি
২। ধনেপাতা কুচি
৩। আদাকুচি ও লেবু।

প্রস্তুত প্রণালীঃ

১। পায়া ও হাড়সহ মাংস একটু বড় টুকরা করে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন।
২। এখন একটা হাঁড়িতে তেল গরম করে পেয়াজ কুচি সোনালি করে ভেজে বেরেস্তাগুলো আলাদা করে তুলে রাখুন। গরম তেলে আদা, রসুনবাটা দিয়ে কয়েক মিনিট ভেজে এর মধ্যে মাংস ও নলি বা গরুর পায়ের হাড় দিয়ে তিন থেকে চার মিনিট ভালো করে ভেজে  নিন।
৩। মাংস একটু ভাজা হলে এর মধ্যে লবণ, মরিচগুঁড়া, নেহারির  সব মসলা ও আধা কাপ গরম পানি দিয়ে নেড়ে ভালো করে মাংস কষিয়ে নিন।
৪। মাংস কষে তেল উপরে আসলে ৪-৫ লিটার পানি দিয়ে দিয়ে ঢেকে মাঝারি আঁচে ৩-৪ ঘণ্টা সিদ্ধ করুন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে নরম না হওয়া পর্যন্ত। মাঝে ২ ঘণ্টা পর লবণ, কাঁচামরিচ দিয়ে দিন। কিছুক্ষণ পর পর নাড়তে হবে যেন হাঁড়ির তলায় লেগে না যায়।
৫। এতে ঝোল কিছুটা ঘন হবে কিন্তু অনেক ঝোল থাকবে। এখন পরিবেশন পাত্রে নেহারি ঢেলে এর উপরে কাঁচামরিচ কুচি, আদাকুচি ও ধনেপাতার কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।
নান, তন্দুরি রুটি বা সেঁকারুটির সঙ্গে গরম গরম নেহারি দারুণ জমবে।

টিপসঃ
* যদি মাংস সিদ্ধ হতে হতে ঝোল বেশি কমে যায় তাহলে পরিমাণ মতো গরম পানি দেওয়া যাবে। কারণ নেহারিতে ঝোলের পরিমাণ একটু বেশি থাকে এবং ঝোল একটু ঘন হয়। নেহারি যত বেশি সময় ধরে জ্বাল দেওয়া হবে, স্বাদও তত বেশি হবে।
* চাইলে প্রেসার কুকারেও করতে পারেন। সে ক্ষেত্রে মসলা দিয়ে মাংস কষানোর পর পানি একটু কম দিয়ে কুকারের ঢাকনা লাগিয়ে রান্না করুন।
* ঝোল ঘন করার জন্য আটা বা ময়দার মিশ্রণ দিতে পারেন। মাংস যখন সিদ্ধ হয়ে ঝোল ফুটে উঠবে তখন আটা বা ময়দার গুলিয়ে দিয়ে নেড়ে মিশিয়ে ৩০ থেকে ৪০ মিনিট মৃদু আঁচে রান্না করতে হবে। তবে আটা বা ময়দা কয়েক মিনিট ভেজে নিতে হবে।

No comments:

Post a Comment

নারকেল তেল দিয়েই দূর করুন খুশকি!

নারকেল তেল দিয়েই দূর করুন খুশকি! নারকেল তেল দিয়েই দূর করুন খুশকি! শীত, গরম বা বর্ষাকালেও খুশকির যন্ত্রনা যেন মেটে না। পার্লারের আহাম...

Our Popular Posts